
মামুন হাসান | বিশেষ প্রতিনিধি
ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে চাঁদপুরের মতলব উপজেলার ওমান প্রবাসী রাসেল হাজির বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার সৌদি আরব প্রবাসী ভাই জিসান হাজি।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রাসেল হাজি ঈদের ছুটিতে দেশে আসেন। দেশে আসার পর তাকে একটি স্থানীয় সালিশ বৈঠকে ডেকে নেওয়া হয়। পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ওই সালিশে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীতে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সৌদি প্রবাসী জিসান হাজি বলেন, “আমার ভাইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। কিছু ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে তাকে সালিশের নামে ডেকে নিয়ে চক্রান্তমূলকভাবে মামলায় জড়িয়েছে। মূল উদ্দেশ্য হলো তাকে আইনি জটিলতায় ফেলে বিদেশে কর্মস্থলে ফিরে যেতে বাধাগ্রস্ত করা।”
তিনি আরও বলেন, “আমার ভাই একজন প্রবাসী। পরিবারের জীবিকা নির্বাহের জন্য বিদেশে কঠোর পরিশ্রম করেন। অথচ ঈদের ছুটিতে দেশে এসে তিনি এমন একটি ঘটনার শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”
রাসেল হাজির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুত তার মুক্তি নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তি বা পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টির সত্যতা যাচাইয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সচেতন মহল।
পরিবারের দাবি, প্রবাসী রাসেল হাজির বিরুদ্ধে আনীত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।