
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৭২ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ দেড় বছরের শিশু কানিজ ফাতেমার লাশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রাঢ়ি বাড়িতে। শিশুটি ওই বাড়ির প্রবাসী কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ ফাতেমা নামের দেড় বছরের এ অবুঝ শিশুটি।
এ ঘটনায় মৌখিক অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।
শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে তোফায়েলদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তাঁরাই হত্যা করে মেয়ের লাশ গুম করে বলে শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া বলেন, শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে ৭২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পূর্বেই তিনজনকে আটক করা হয়েছে।