
আব্দুল মতিন মুন্সী স্টাফ রিপোর্টার :
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত আদেশ জারি করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত আদেশটি ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কার্যকর করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—
শামসুদ্দিন মিয়া ঝুনু বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি;
মজিবর রহমান বাবু, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক;
এবং বিশ্বজিৎ, বোয়ালমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে এবং তা তদন্তে প্রমাণিত হওয়ায় তাদেরকে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।
এছাড়াও জেলা বিএনপির পক্ষ থেকে দলের সকল স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক, সাংগঠনিক কিংবা ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় বিএনপি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বোয়ালমারী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।