
কচুয়া প্রতিনিধি:
মোঃআবু ইউসুফ উদয়
বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “দেশের মানুষ আর ভোটবিহীন নির্বাচন চায় না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে না পারলে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তার অধিকার আদায় করে নেবে।”
তিনি শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ২টায় চাঁদপুর–১ (কচুয়া) আসনে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, “দীর্ঘদিন ধরে রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্র, বিচারব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দল ও মতের ওপর দমন-পীড়ন চালিয়ে জনগণকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াত ইসলামী একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, ন্যায়ভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও ইসলামী মূল্যবোধের আলোকে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে জনগণের কাছে এসেছি।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যদি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে, তবে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।”
জনসভায় তিনি চাঁদপুর–১ (কচুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর পক্ষে ভোট চেয়ে বলেন, “এই আসনে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কচুয়াকে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে।”জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াত ইসলামি কোডবাড়ি থানার আমির শাহাদাত হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর ১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
জনসভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।