
কিশোরগঞ্জ | ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ
কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মানে এক আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকাল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন-এর কার্যালয়ের অফিসকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন নিজ হাতে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা আরও বেড়ে যায়। সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা এবং পেশাগত দক্ষতা বজায় রাখা প্রত্যেক পুলিশ সদস্যের জন্য অপরিহার্য। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মুকিত সরকার,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার,
অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, কিশোরগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে উপস্থিত সবাই পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের উজ্জ্বল ও সফল কর্মজীবন কামনা করেন।