
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলার মেইন রোড ও রায়পুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।
অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া আসন্ন রমজানকে ঘিরে ভবিষ্যতে কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাসসহ নিত্যপণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।