
মোঃ আবু ইউসুফ উদয়
চাঁদপুরে শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাত কবুলিয়াত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ৭টায় চাঁদপুর শহরের আল-আমিন একাডেমির হলরুমে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
দোয়া মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “ওসমান হাদীর মতো সাহসী ও আদর্শবান তরুণরা এদেশে বারবার জন্ম নেয় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুগে যুগে এ ধরনের ত্যাগী নেতাদের প্রয়োজন হয়। শহীদ শরীফ ওসমান হাদী জালেমদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন।”
তিনি আরও বলেন, “তার এ নির্মম হত্যাকাণ্ডে আজ সারা দেশ শোকাহত। আমরা আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শহীদ ওসমান হাদীর শাহাদাত কবুলের জন্য দোয়া করছি এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সে প্রার্থনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা জোর দাবি জানাচ্ছি—দিবালোকে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
পরবর্তীতে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত চলাকালে হলরুমে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে শহীদ ওসমান হাদীর শাহাদাত কবুলিয়াত ও তার আত্মার মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।