
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুইজন দুর্বৃত্ত মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রিপা জানিয়েছেন, আজ সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন মামুন।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফুলহাতা টিশার্ট পরিহিত মামুন দৌড়ে এসে ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকের সামনে দিয়ে প্রবেশ করেন। হোচট খেয়ে তিনি সেখানে পড়ে যান। এ সময় মাস্ক পরিহিত দুই জন যুবক ফিল্মি স্টাইলে হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করতে করতে হাসপাতালে প্রধান ফটক থেকে একটু ভেতরে ঢুকে পড়েন। মামুনকে গুলি করে তারা কবি নজরুল কলেজের দিকে দৌড়ে পালিয়ে যান।
গুলিবিদ্ধ মামুনকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে নেওয়া হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে চারটি গুলি পাওয়া গেছে।
পুলিশ জানায়, তারিক সাইফ মামুনের বাবার নাম এস এম ইকবাল। তিনি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। ঢাকায় আফতাবনগরে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।