
চাঁদপুর (কচুয়া) প্রতিনিধি: মোঃ আবু ইউসুফ উদয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এ. টি. এম. মাসুম বলেছেন, দেশের স্থিতিশীল গণতন্ত্র ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই ‘পিআর (Proportional Representation)’ পদ্ধতিতেই অনুষ্ঠিত হতে হবে।
শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলার আল-আমিন একাডেমি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ. টি. এম. মাসুম বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। তাই একটি ন্যায়সঙ্গত ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে পিআর পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, জনগণের ভোটের সমান মূল্য নিশ্চিত করতে হলে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনী ব্যবস্থা চালু করা জরুরি। এতে ছোট-বড় সব রাজনৈতিক দলই তাদের জনপ্রিয়তা অনুযায়ী সংসদে আসন পাবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
শেষে তিনি দেশের জনগণ ও রাজনৈতিক মহলকে আহ্বান জানান— গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার দাবিতে একক কণ্ঠে আওয়াজ তুলতে।