
জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
“আমি কন্যাশিশু-স্বপ্নগড়ি-সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই উদ্দীপনামূলক প্রতিপাদ্যকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার।
৮ অক্টোবর, বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা মেঘমালা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, এবং টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কন্যাশিশু ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিনটিকে স্মরণীয় করে রাখতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ছয়টি মহিলা সমিতিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়, যা তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়ক হবে বলে আশা করা হয়।