
আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাট খোলার চর গ্রামের মৃত মোঃ চুন্নু প্রামানিকের ছোট ছেলে মোঃ তাইফ প্রামানিক, যিনি গত দুই দিন আগে নিখোঁজ হয়েছিলেন, অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তাইফকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।
তাইফের নিখোঁজ হওয়ার খবরটি দৈনিক বর্তমান সংবাদসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, এলাকাবাসী ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠেন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় বলে পরিবার জানায়।
পরিবারের এক সদস্য জানান,
> “আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও সকলের দোয়ায় তাইফকে পেয়েছি। যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন, পোস্টটি শেয়ার করেছেন এবং বিশেষ করে সংবাদটি প্রকাশে সহায়তা করেছেন — তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তাইফের ফিরে আসার খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন তাইফ দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।