নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্প্রতি প্রশাসনিক সার্ভের অংশ হিসেবে সম্ভাব্য কয়েকজন নেতার নাম আলোচনায় উঠে এসেছে। শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক সম্পৃক্ততা—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হচ্ছে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (এম.এ.)। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এছাড়া ভালুকা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ রফিকুল ইসলাম (এম.এ.)-এর নামও আলোচনায় রয়েছে। তিনি দীর্ঘদিন দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক ছাত্রনেতা মোঃ আশরাফুল ইসলাম (এম.এ.)। তিনি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
এদিকে সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, যিনি কলকাতা থেকে বিসিএ ডিগ্রি অর্জন করেছেন, তিনিও সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় রয়েছেন। দলের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথাও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।
এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম বুলবুল (এম.বি.এস., এল.এল.বি.)-এর নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, একাধিক মামলার আসামি, সাংগঠনিক পরিচয় এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।
তবে বিএনপির পক্ষ থেকে এখনো কাচিনা ইউনিয়নের চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে দলীয় মনোনয়ন পাবেন বা কার পক্ষে কতটা জনসমর্থন রয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।