মামুন হাসান:বিশেষ প্রতিনিধি:
সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর দুই দিন পর সৌদি আরবেই তার দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আবেগ ও আলোচনার সৃষ্টি করেছে।
জানা যায়, মৃত্যুর পর প্রবাসীর মালিক পরিবারকে দুটি প্রস্তাব দেন। যদি মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, তাহলে পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হবে। আর যদি মরদেহ বাংলাদেশে পাঠানো হয়, তাহলে দেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করা হবে।
পরিবার শেষ পর্যন্ত সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেয়। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রবাস জীবনের কষ্ট, পরিবারের আর্থিক বাস্তবতা এবং প্রবাসীদের ত্যাগ নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন।
স্থানীয় প্রবাসীদের ভাষ্য, জীবনের পুরোটা সময় পরিবারের সুখের জন্য পরিশ্রম করা মানুষগুলোর শেষ বিদায়টুকুও অনেক সময় বাস্তবতার কাছে হার মেনে যায়।
তবে অনেকেই এটিকে সৌভাগ্য হিসেবেও দেখছেন। তাদের মতে, পবিত্র সৌদি আরবের মাটিতে দাফন হওয়া নিঃসন্দেহে মরহুমের জন্য সম্মানের বিষয়। তারা মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত ও জান্নাত কামনা করেছেন।