
মামুন হাসানঃবিশেষ প্রতিনিধিঃ
প্রবাসী স্বামীর অনুপস্থিতির সুযোগে আপন চাচিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ভাইপোর বিরুদ্ধে। শেষ পর্যন্ত গভীর রাতে জোরপূর্বক নির্যাতনের শিকার হয়ে আত্মরক্ষার্থে অভিযুক্তের গোপনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করেন ওই নারী। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। সেই সুযোগে ভাইপো ইমামুল প্রায়ই তাকে অনুসরণ করত এবং বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত। বারবার প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত থেমে থাকেনি।
নারীর ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে তিনি অসুস্থ অবস্থায় ঘরে একা ছিলেন। গভীর রাতে অভিযুক্ত ঘরে ঢুকে তাকে জোরপূর্বক নির্যাতন করে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা ওই নির্যাতনের সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে নিজের সম্ভ্রম ও জীবন বাঁচাতে বিছানার পাশে থাকা ব্লেড দিয়ে অভিযুক্তের গোপনাঙ্গে আঘাত করেন ওই নারী। এতে গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে অভিযুক্তের পরিবার পুরো ঘটনাকে অস্বীকার করে দাবি করেছে, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। তারা ভুক্তভোগী নারীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও শেষ পর্যন্ত বিষয়টি আইনি প্রক্রিয়ার দিকে গড়ায়। বর্তমানে অভিযুক্ত চিকিৎসাধীন রয়েছেন এবং ভুক্তভোগী নারী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আত্মরক্ষায় নারীর পদক্ষেপকে যৌক্তিক বলছেন, আবার কেউ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।