মোঃ সোহেল রানা, বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে বিদেশে পাঠানোর নামে শতাদিক পরিবারের সাথে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে একটি শক্তিশালী দালাল চক্রের বিরুদ্ধে। আজ ভুক্তভোগীরা পাওনা টাকার দাবিতে দালাল চক্রের প্রধানের বাড়ি ঘেরাও করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু শ্রীপুর নয়, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরসহ বিভিন্ন জেলার সরল মানুষকে এজেন্ট ভিসার পরিবর্তে টুরিস্ট ভিসায় বিদেশ পাঠানোর বিদেশে এই চক্রটি। জনপ্রতি ৪ থেকে ৫ লক্ষ টাকা করে নিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় তারা। ভালো কাজের প্রতিশ্রুতি দিলেও টুরিস্ট ভিসায় পাঠিয়ে অনেককেই সর্বস্বান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ দালাল চক্রের প্রধান নিজ মাওনা এলাকায় নিজ বাড়িতে আসার খবর ছড়িয়ে পড়লে পাওনাদাররা সেখানে ভিড় করতে শুরু করেন। এসময় পাওনাদারদের দেখে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়।
ভুক্তভোগীরা জানান, এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রতিকার পাওয়া যায়নি। উল্টো দালাল চক্রের সদস্যরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি আইন-শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে এবং মামলার হুমকি দিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
প্রতারণার শিকার পরিবারগুলো এখন নিঃস্ব। অনেকের ঘরবাড়ি ও জমি বন্ধক রেখে দেওয়া টাকা ফেরত না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং এই দালাল চক্রকে আইনের আওতায় এনে টাকা ফেরতের দাবি জানিয়েছেন।