মামুন হাসান,বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়নের বাসিন্দা ফরহাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভিসা বাণিজ্য ও প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফরহাদ দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে পাঠানোর পর তিনি প্রতিশ্রুতি অনুযায়ী আকামা বা স্থায়ী কাজের ব্যবস্থা করেন না, ফলে প্রবাসীরা চরম দুর্ভোগে পড়েন।
ইতোমধ্যে তার মাধ্যমে বিদেশে গিয়ে নিঃস্ব হয়ে পড়া এক প্রবাসী জানান, ফরহাদের কথায় বিশ্বাস করে বড় অঙ্কের টাকা ব্যয় করেও তিনি কোনো স্থায়ী কাজ বা বৈধ কাগজপত্র পাননি। বর্তমানে তিনি মানবেতর জীবনযাপন করছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
সচেতন মহলের মতে, এ ধরনের দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে আরও সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারেন। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।