
লক্ষ্মীপুরের রায়পুরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র স্নাতক পরীক্ষার্থী আশরাফুল ইসলাম (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্য হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া।
নিহত আশরাফুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার খান বাড়ির আজিজুল হকের ছেলে। সে রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিলো।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের একটি ফসলি খেত থেকে আশরাফুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায়।
নিহতের স্বজনদের অভিযোগ, সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আসা শাহিন বেপারির (২৬) নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র কিশোর গ্যাং পরিকল্পিতভাবে আশরাফুলের ওপর হামলা চালায়। ইট ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাতসহ বেধড়ক মারধরের ফলে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত শাহিন বেপারিকে গ্রেপ্তার করেছে। আশরাফুলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রায়পুর থানা পুলিশ। নিহতের স্বজনরা অভিযোগ করেন, এখনও কিশোর গ্যাংয়ের সদস্যরা মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে। তারা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, ‘হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।