
চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় ২নং পাথৈর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটোমোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ২নং পাথৈর ইউনিয়নের আমির মাওলানা শহিদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি কোনো গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয়; বরং এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন ও মানবগড়ার প্রতিষ্ঠান। এখানে শুধু রাজনীতি নয়, একজন মানুষকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালিত হয়।”
তিনি আরও বলেন, “আমরা দলীয় শৃঙ্খলা ও আনুগত্যে বিশ্বাসী। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তার পক্ষেই কাজ করব। আগামীর বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামির জোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।”
ওয়ার্ড জামায়াতের সভাপতি ইউসুফ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামির নেতা ইঞ্জিনিয়ার শরিফুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।