
নতুন বছরে পুলিশের কড়া বার্তা আইনের ঊর্ধ্বে কেউ নয়
আইনের নামে তদবির, মামলার নামে দালালি—এই অপসংস্কৃতির বিরুদ্ধে নতুন বছরে কঠোর অবস্থান নিয়েছে উল্লাপাড়া মডেল থানা। থানায় বিভিন্ন সময় মামলা, তদন্ত ও পুলিশি কার্যক্রমে বেআইনিভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা তদবিরকারীদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, এই তালিকায় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার এমন অনেকের নাম রয়েছে, যারা নিজেদের ক্ষমতা, পরিচয় বা যোগাযোগকে হাতিয়ার বানিয়ে আইনকে নিজের পক্ষে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিলেন।
সচেতন নাগরিকরা বলছেন, “থানা দালালদের আড্ডাখানা হয়ে উঠেছিল—এই অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে পুলিশের এই উদ্যোগ প্রমাণ করে, আইন আর কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, অতীতে তদবির ছাড়া অনেক সময় ন্যায্য কাজও এগোত না। নতুন এই অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সাহস ফিরিয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে—যে বা যারা থানার কাজে তদবির, দালালি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো পরিচয় বা পদবি এ ক্ষেত্রে রক্ষা পাবে না।
আইনপ্রয়োগকারী সংস্থার এই দৃঢ় অবস্থান অব্যাহত থাকলে থানাকেন্দ্রিক দুর্নীতি ও হয়রানি বন্ধ হবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
নতুন বছরে উল্লাপাড়া মডেল থানার এই বার্তা পরিষ্কার—আইন চলবে আইনের পথে, তদবিরে নয়।