
আব্দুল মতিন মুন্সী স্টাফ রিপোর্টার:
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে নীরবে চলছে এক করুণ জীবনসংগ্রাম। গ্রামের মো. বাঁশি বিশ্বাসের দুই ছেলে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে আজ পঙ্গু ও অসহায় জীবন যাপন করছেন।
আহত দুই ভাই হলেন মো. জাকির বিশ্বাস (৪০) ও মো. হাসান বিশ্বাস (৩০)। মো. জাকির বিশ্বাস চার সন্তানের জনক এবং মো. হাসান বিশ্বাস এক সন্তানের জনক। একসময় তারা দু’জনই ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা তাদের জীবনকে সম্পূর্ণ অচল করে দিয়েছে।
দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা চললেও অর্থের অভাবে এখন সেই চিকিৎসা প্রায় বন্ধ। বর্তমানে দুই ভাইই চলাফেরায় সম্পূর্ণ অক্ষম। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—একটি হুইলচেয়ার না থাকায় তারা ঘর থেকে বের হতে পারছেন না, এমনকি প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে পারছেন না।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনই চরম কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। কখনো ওষুধ কেনার টাকা নেই, কখনো ঠিকমতো খাবার জোটে না। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী ও বাবা-মায়ের চোখে শুধু হতাশা আর কান্না।
স্থানীয়দের মতে, মানবিক সহায়তা পেলে এই পরিবারটি কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বিশেষ করে একটি হুইলচেয়ার, চিকিৎসা সহায়তা ও আর্থিক সহযোগিতা তাদের জন্য এখন সবচেয়ে জরুরি।
মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আকুল আবেদন—এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান।
সহায়তার জন্য যোগাযোগ
বিকাশ / নগদ: ০১৬৪৪৫১১৪৮১