
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় জামিউল হুফফাজুল ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের গুরুত্ব ও মাহাত্ম্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরা এবং কোরআনের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ আরও বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিশু হাফেজদের তিনটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা পরিচালনা করা হয়। প্রতিযোগিতায় ছোট্ট হাফেজদের সুমধুর কোরআন তিলাওয়াতে পুরো এলাকা এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত দর্শকরা কোরআনের সুরে মুগ্ধতা প্রকাশ করেন।
প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপ থেকে ১০ জন করে মোট ৩০ জন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কলরব শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়া উদ্দীন মজুমদার। আয়োজকরা জানান, রেনেসাঁ গ্রুপের সার্বিক সহযোগিতা এবং ওয়ালটন গ্রুপের তত্ত্বাবধানে এ ধর্মীয় আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা হয়।
আয়োজক ও অতিথিরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের আলোয় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।