মো:আবদুল লতিফ, ষ্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরের রায়পুরে রাতের আঁধারে এক নিরীহ কৃষকের ৪০ শতাংশ জমির ২০০ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।এ তাণ্ডবে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা ওই অসহায় নিরীহ কৃষক। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবংশী ইউনিয়নের মধ্যচর বংশী গ্রামে আমজাদ নামে এক কৃষকের লাউ ক্ষেতে।
সোমবার সকালে ঘুম থেকে উঠে জমিতে গিয়ে আমজাদ দেখেন, তার ৪০ শতাংশ জমিতে চাষ করা সব লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে হতভম্ব হয়ে পড়েন তিনি। রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি।
ভুক্তভোগী কৃষক আমজাদ হোসেন জানান, তিনি ঋণ করে ৪০ শতাংশ জমি বর্গা নিয়ে মাচা তৈরি করে লাউ চাষ করেছিলেন। গাছগুলোতে ইতোমধ্যে প্রচুর ফুল ও লাউ ধরতে শুরু করেছিল। চলতি মৌসুমে এসব লাউ বিক্রি করে এক থেকে দুই লাখ টাকা আয় করার আশা ছিল তার। কিন্তু দুর্বৃত্তদের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।