চাঁদপুরের কচুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান রাসেলের সঙ্গে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নতুন ইউএনও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা তুলে ধরবেন, আর আমরা তা সংশোধনে পদক্ষেপ নেব। একটি সুন্দর ও উন্নত কচুয়া গড়ে তুলতে আমি প্রেসক্লাবের সহযোগিতা কামনা করছি।” এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ইমদাদুল্লাহ তাদের বক্তব্যে বলেন, প্রশাসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও সেবামুখী কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজনে পরামর্শ ও তথ্য সহায়তাও প্রদান করবে প্রেসক্লাব। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা ভূমি কর্মকর্তা আবু নাসের, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ নোমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভা শেষে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান রাসেলকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়। ---