
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবশেষে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দাকোপ–বটিয়াঘাটার জনপ্রিয় মুখ, আন্দোলন-সংগ্রামের লড়াকু নেতা, বিএনপির দুর্দিনের কান্ডারী আলহাজ্ব আমির এজাজ খান।
মনোনয়ন ঘোষণার পর থেকেই পুরো দাকোপ ও বটিয়াঘাটা জুড়ে বিএনপি সমর্থকদের মধ্যে দেখা গেছে আনন্দ-উল্লাস। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই তৃণমূলের প্রত্যাশা ছিল আমির এজাজ খানকে নিয়ে। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।
মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খণ্ড খণ্ড আনন্দমিছিল, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে অনেকেই মনে করছেন, এই মনোনয়ন খুলনা-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও চাঙা করবে।
এলাকার বিএনপি নেতারা জানিয়েছেন, দলের এই সিদ্ধান্তে তারা উচ্ছ্বসিত এবং নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হচ্ছে। সমর্থকদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে আমির এজাজ খানের নেতৃত্বে খুলনা-১ আসনটি ঘুরে দাঁড়াবে নতুন প্রত্যাশা ও রাজনৈতিক উত্তাপে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক পরিবেশ আরও উষ্ণ হয়ে উঠেছে।