আব্দুল মালেক স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এক মাছ চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন মোঃ মোজাফফর হোসেন (৩৫)। তিনি খাস খতিয়ান নং-০১, দাগ নং-৯৯৬, পরিমাণ ৫৮ শতাংশ জমির ওই পুকুরটি বাৎসরিক লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন।
মোজাফফর হোসেন জানান, গত ১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে পুকুরে নজরদারি শেষে তিনি বাড়ি ফেরেন। পরদিন ২ ডিসেম্বর সকাল ৬টার দিকে পুকুরে গিয়ে দেখতে পান, পুকুরের মাছগুলো মরে ভেসে উঠেছে। তিনি দাবি করেন, অজ্ঞাত কেউ বা একাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা ।
ঘটনার বিষয়ে মাছ চাষী মোজাফফর হোসেন এখনো কোনো অভিযুক্তকে শনাক্ত করতে পারেননি। স্থানীয় বাসিন্দা মোঃ আঃ রাজ্জাক (৫৫), মোঃ রিয়াজুল ইসলাম (৪৫), এবং মোঃ এনামুল হক বাবুসহ এলাকাবাসী ঘটনাটি সম্পর্কে জানেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।