
লক্ষ্মীপুরের রায়পুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন সহস্রাধিক নারী ও পুরুষ। এদের মধ্যে অধিকাংশই বয়স্ক নারী- পুরুষ। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা সেবা কার্যক্রম চলে। এখান থেকে শতাধিক ব্যক্তিকে চোখের ছানি অপারেশনেরও প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতি বছরের ন্যায় এবারও এমন সেবার আয়োজন করেছেন চরমোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু। এ চিকিৎসায় ঔষধ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছেন চাঁদপুর মাজহারুল ইসলাম বিএনএসবি চক্ষু হাসপাতাল।
চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। সার্বিক সহযোগিতা করেছে বাবুরহাট ব্লাড ডোনার কাবের সদস্যরা।
মূল আয়োজক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, গত ২৫ বছর যাবৎ আমি বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে আসছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এজন্য প্রতি বছর এক বা একাধিকবার এ ধরণের চিকিৎসা ক্যাম্প চলে।
এলাকার বৃদ্ধ, গরীব অসহায় মানুষগুলো অর্থাভাবে চক্ষু চিকিৎসা করাতে পারেনা।তারা এখানে এসে চিকিৎসা নিয়ে যখন বলে তারা এখন চোখে দেখেন এবং কোরআন শরীফ পড়তে পারেন, এটা বলার পর মনটা প্রশান্তিতে ভরে উঠে। এজন্য সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার এ সেবামূলক কাজটি অব্যাহত রেখেছি। এদের যাতায়াত ও অপারেশন পরবর্তী বিনামূল্যে ঔষধ দেওয়া হবে।
চাঁদপুর মাজহারুল ইসলাম বিএনএস চক্ষু হাসপাতালের কর্মকর্তা জাফর হোসেন বলেন, মানবসেবায় আমাদের এ ধরণের উদ্যোগ চলমান রয়েছে।
আজকেও দেড় হাজারের বেশি রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে। এখান থেকে শতাধিক ছানি পড়া রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে অপারেশনসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হবে।