
লক্ষ্মীপুর জেলার রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে নিজেই শ্রেণী কার্যক্রমে অংশ গ্রহন করে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বিদ্যালয়ে পৌঁছে শ্রেণী কার্যক্রমে অংশ গ্রহন করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।
পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই পাঠদান শুরু করেন। তার আকস্মিক ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। শিক্ষকগণও এ উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজামুদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম ,প্রাথমিক শিক্ষা অফিসার মাঈনুল ইসালামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ ধরনের সরাসরি অংশগ্রহণমূলক পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।