
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–মধ্যনগর-জামালগঞ্জ–তাহিরপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ–সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, “জামালগঞ্জে বিএনপি নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আমরা সবাই মিলেই ধানের শীষকে বিজয়ী করতে চাই।”
তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়—এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয় নিশ্চিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রার্থী আনিসুল হক বলেন, দলের মুরব্বিদের সিদ্ধান্ত সবার মানা উচিত। এরপরও কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান, তবে আমরাও সহজে ছাড় দেব না।
পথসভাকে ঘিরে দুপুর থেকেই সাচনা বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল, নাচ–গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের ঢলে পুরো বাজার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। তাই সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে সুনামগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে।
সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান বলেন, ১৭ বছরের অত্যাচার–নির্যাতনের পর গণঅভ্যুত্থানের যে পরিবর্তনের পথে দেশ এগোচ্ছে, সেই নির্বাচনে জয় পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।