
এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আপন দুই ভাই—নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)—এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সকালে গরুর খাবারের জন্য বাড়ির পাশে খড় আনতে যান নুরু খান। এসময় আগে থেকে মাটিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বড় ভাইকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে ছোট ভাই ফজলু খান ছুটে গিয়ে উদ্ধার করতে গেলে তিনিও সেই একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই পরিবারের দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। দুই ভাইয়ের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রাখা হয়েছে।
এলাকাবাসী জানান, ছেঁড়া তারটি দীর্ঘসময় ধরে মাটিতে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।