
লক্ষ্মীপুরের রায়পুরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির "প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব প্রশান্ত কুমার দাস ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল।
এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়।
দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীতে ২২টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক মডেল, তথ্যপ্রযুক্তি সেবা এবং বিভিন্ন প্রয়োগযোগ্য উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। এ সময় বিভিন্ন বয়সী মানুষ প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।