চট্টগ্রামে ৭ মামলায় জরিমানা, ব্যবসায়ীদের সতর্কবার্তা,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রামে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। নগরীর পাহাড়তলী ও খাতুনগঞ্জ পাইকারি বাজারে পৃথকভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের পাইকারি আড়তে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, কাট্টলী সার্কেল, চট্টগ্রাম। এ সময় পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লেবেলবিহীন পণ্য বিক্রয়—এই অপরাধে ২টি মামলা দায়ের ও ২ জন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অন্যদিকে, নগরীর ঐতিহাসিক খাতুনগঞ্জ পাইকারি বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা, জেলা প্রশাসন, চট্টগ্রাম। কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় গঠিত টিমটি পেঁয়াজসহ নিত্যপণ্যের বিভিন্ন আড়তে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ পর্যালোচনা করে। অভিযানকালে ৫টি মামলা দায়ের এবং ৫ জন ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাজারে ভোক্তাদের অধিকার সংরক্ষণ, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য বিক্রি বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে এই ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।