
দশম গ্রেডসহ তিন দফা দাবি নিয়ে শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
শনিবার ঢাকার শাহবাগে তিন দফা দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা।নতুন কর্মসূচি অনুযায়ী তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি এবং সারা দেশের বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।
রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা শ্রেণিকক্ষে ফিরবেন না। সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ফলে রায়পুর উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে।