
লক্ষ্মীপুরের রায়পুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের রায়পুর উপজেলা পর্ব। আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় রায়পুর সরকারি মার্চেন্টস্ একাডেমি প্রাঙ্গণে লক্ষ্মীপুর গণিত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
এবারের অলিম্পিয়াডে রায়পুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বাছাইকৃত প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি স্তরে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুর সরকারি মার্চেন্টস্ একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা ফারুকি। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অলিম্পিয়াডের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একঝাঁক তরুণ ও মেধাবী স্বেচ্ছাসেবক। তাদের সহযোগিতায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।
প্রতিযোগিতা শেষে প্রতিটি স্তরের বিজয়ীদের নাম মোবাইলে মেসেজের মাধ্যবে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে । এ পর্বের বিজয়ীরা পরবর্তীতে লক্ষ্মীপুর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।