মোঃ আসিফুজ্জামান আসিফ
সাভারে পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে নিহত কৃষক আবু সাঈদের পরিবার, আত্মীয়-স্বজনসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, গত ২২ অক্টোবর রাত নয়টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ সমর্থক জাকির বাহিনী ও তার সহযোগীরা কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পরদিন (২৩ অক্টোবর) নিহতের পরিবার সাভার মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।