মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে অবস্থিত রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলার মাঠের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
২০১৪ সালে প্রতিষ্ঠিত এই একাডেমিটি নারী ফুটবলারদের প্রশিক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি বরাদ্দ হিসেবে ৭ লাখ টাকা প্রদান করা হয়। এই অর্থে মাঠটির চারপাশে পাকা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস খাতিজা বেগম প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তারা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল ইসলাম, রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তাজুল ইসলাম এবং কোচ সুগা মুরমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি শুধু ঠাকুরগাঁও নয়, সারা দেশের নারী ফুটবলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। মাঠের এই প্রাচীর নির্মাণ একাডেমির অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।