
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল স্টাফ রিপৌর্টার,কিশোরগঞ্জ:
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ স্বাস্থ্য বার্তা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, কিশোরগঞ্জ।
ড্যাবের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয়ই এডিস মশাবাহিত ভাইরাসজনিত জ্বর। বেশিরভাগ রোগী সাধারণ চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠেন, তবে ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিন্ড্রোম গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। তাই সময়মতো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেই এসব রোগের বিস্তার কার্যকরভাবে রোধ করা সম্ভব।
বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন সবচেয়ে বেশি হয়। এজন্য ড্যাবের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়—
বাড়ির ভেতর ও বাইরে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে।
ড্যাবের তথ্য মতে, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। যেমন—
ফুলের টব বা পাতার নিচে জমে থাকা পানি
পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক বোতল বা ডাবের খোসা
মাটির কলস, টিনের কৌটা, বালতি বা ড্রাম
ব্যাটারির খোলস, প্লাস্টিকের ঢাকনা ইত্যাদি
এসব জায়গায় জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া বা উল্টে রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে মশার প্রজনন না ঘটে।
জনস্বাস্থ্য রক্ষায় ড্যাবের কার্যকর কিছু পরামর্শ:
১. ঘর ও আশপাশ পরিষ্কার রাখুন
২. প্রতি তিন দিন অন্তর জমে থাকা পানি ফেলে দিন
৩. পানির পাত্র ভালোভাবে ঘষে পরিষ্কার করুন
৪. দিনে ও রাতে মশারী ব্যবহার করুন
৫. দরজা-জানালায় জাল লাগান
৬. শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের বিশেষ সুরক্ষায় রাখুন
ডেঙ্গু বা চিকুনগুনিয়ার উপসর্গ দেখা দিলে, যেমন—
জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব বা ত্বকে র্যাশ—
নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এডিস মশার বংশ রোধ করুন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন।
নিজে সচেতন থাকুন, পরিবার ও প্রতিবেশীকেও সচেতন করুন।
সেবা নিন, সুস্থ থাকুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ও ড্যাবের আহ্বায়ক ডা. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. এস. কে. এম. নাজমুল হাসান, ড্যাবের সেক্রেটারি
ডা. মোহাম্মদ আকরাম আহসান জুয়েল, ভাইস প্রিন্সিপাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ
অধ্যাপক ডা. ফেরদৌস আহমেদ লাকী, কিশোরগঞ্জ–৪ আসনের মনোনয়ন প্রত্যাশী
ডা. মো. এরশাদ আহসান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, কিশোরগঞ্জ ড্যাব
ডা. মীর নুর উস সাদ প্রমুখ