
মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম।
সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শিক্ষা, স্বাস্থ্য, এলজিইডি, খাদ্য অধিদপ্তরসহ সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।
সভায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ,
জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,“জনগণের সেবাই প্রশাসনের মূল দায়িত্ব। আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে, তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।”