চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার চরখিদিরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসী পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, বিদেশফেরত মো. শাহজান (৩৭) ও তাঁর পরিবারকে জমি দখলের পাশাপাশি প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
মো. শাহজান জানান, তিনি ও তাঁর ভাইয়েরা চলতি বছরের ২১ মে পারুল আক্তার নামের এক নারীর কাছ থেকে আরএস খতিয়ান নং ৪০৮ ও বিএস খতিয়ান নং ২৫-২৮৫৭ অনুযায়ী প্রায় ১১ শতক জমি ক্রয় করেন। তবে জমি কেনার পরপরই স্থানীয় তিনজন ব্যক্তি—আলী আহমদ (৪৫), শহর মুন্নুক (৬৮) ও আনোয়ারা বেগম (৩৩)—উক্ত জমির একটি অংশ জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালান।
বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে হুমকি ও ভয়ভীতির মাত্রা বাড়তে থাকে। এ অবস্থায় শাহজান গত ৭ অক্টোবর বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং: ২৯১)
শাহজান অভিযোগ করে বলেন, “আমি যদি জমি না ছাড়ি বা থানায় অভিযোগ করি, তাহলে তারা আমাকে হত্যা করবে, নারী দিয়ে মিথ্যা মামলা দিবে, এমনকি এলাকায় থাকতে দেবে না—এমন প্রকাশ্য হুমকি দিচ্ছে।”
তিনি আরও জানান, ৭ অক্টোবর সকাল ১০টার দিকে তিনি ও পরিবারের সদস্যরা নিজ জমিতে ইট রাখতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা বাধা সৃষ্টি করেন এবং ভয়ভীতি দেখান। স্ত্রীর চোখে আতঙ্ক: "জানতে চাই, আর কতদিন এভাবে থাকবো?"
ভুক্তভোগী শাহজানের স্ত্রী বলেন, “আমরা শুধু চাই নিজের জমিতে শান্তিতে থাকতে। কিন্তু প্রতিদিন হুমকি ধমকি শুনতে হচ্ছে। কখন কী ঘটে যায়, সেই আতঙ্কে পরিবার নিয়ে থাকতে হচ্ছে।”স্থানীয়রা বলছেন, পুরোনো বিরোধ নতুন করে ঘনীভূত
চরখিদিরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এই জমি সংক্রান্ত বিরোধ একদিনের নয়। দীর্ঘদিন ধরেই উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও ফল আসেনি।
বোয়ালখালী থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “অভিযোগটি আমরা পেয়েছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”আইনজীবীদের মতামত: জমি নিয়ে বিরোধ ভয়ংকর সামাজিক সংকট
স্থানীয় আইনজীবীরা বলেন, দলিলপত্র সঠিক থাকলেও গ্রামীণ এলাকায় জমির দখল নিয়ে এই ধরনের বিরোধ এখন এক ভয়াবহ সামাজিক সংকটে পরিণত হয়েছে। তারা মনে করেন, প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তের মাধ্যমেই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব।
প্রবাসী মো. শাহজান ও তাঁর পরিবার বর্তমানে আতঙ্ক ও
নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসী মনে করছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই কেবল পরিস্থিতি শান্ত করতে পারে। একইসঙ্গে জমি সংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানে সরকার ও স্থানীয় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।