
মোঃ জোনায়েদ হোসেন জুয়েলঃ
কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “দলের দুর্দিনে রাজপথে থেকেছি, আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছি। বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই কর্মসূচিতেই নিহিত আছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের রূপরেখা।”
তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।”
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির প্রতিটি আন্দোলনেই আমি রাজপথে ছিলাম। শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে মামলা, নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেও জনগণের পাশে থেকেছি। এই প্রার্থীতা জনগণের ভালোবাসা ও সংগ্রামের ধারাবাহিকতার প্রতিফলন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন মাহবুবুল আলম (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি ও বর্তমান সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সদর পৌর বিএনপি), এ.কে.এম. শফিকুল হক শফিক (সভাপতি, হোসেনপুর পৌর বিএনপি) এবং মো. ফেরদৌস ইসলাম (সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সদর পৌর শ্রমিক দল)।
সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা মাজহারুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার প্রার্থীতা ঘোষণার মাধ্যমে কিশোরগঞ্জে বিএনপির নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।