
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৫:
কিশোরগঞ্জ জেলার শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে কিশোরগঞ্জ শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের জেলা সভাপতি মোঃ মসু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি জমা দেন।
স্মারকলিপিতে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মৌলিক অধিকার বাস্তবায়নে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. সংগঠনের নামে নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য সরকারি জমি বরাদ্দ,
২. দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের পুনর্বাসন ও আবাসন সুবিধা,
৩. সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান,
৪. ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের সহায়তায় ভিজিএফ ও জিআর কার্ডের ব্যবস্থা,
৫. গণপরিবহনে বধিরদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা,
৬. তফসিলভুক্ত ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান,
এবং
৭. জাতীয় বধির ঐক্য পরিষদের আসন্ন মহাসমাবেশে অংশগ্রহণে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতকরণ।
প্রতিবন্ধী নেতৃবৃন্দ জানান, সমাজের অন্যান্য নাগরিকদের মতো তারাও রাষ্ট্রের সমান নাগরিক অধিকার ভোগ করতে চান। কিন্তু দীর্ঘদিন যাবৎ অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে তারা এখনো প্রান্তিক অবস্থানে রয়েছেন। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান তারা।
এ সময় জেলা প্রশাসক প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং দাবিগুলো বিবেচনার আশ্বাস প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বধির জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা সমাজের মূলধারায় সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।