
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৪৩ বছর পর আদালতের নির্দেশে ৩৫৬ শতক জমির দখল প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার বিকেলে ঢোল পিটিয়ে এবং লাল নিশানা টাঙিয়ে জমির দখল হস্তান্তর করেন আদালতের নিযুক্ত প্রতিনিধিরা। উদ্ধারকৃত জমিগুলো রায়পুর-হায়দরগন্জ সড়কের সোলাখালি ব্রিজ সংলগ্ন আইয়ুব পাটোয়ারী বাড়িতে অবস্থিত।
স্থানীয়রা জানান, পুলিশ প্রশাসনের সহায়তায় আদালতের প্রতিনিধিদল ঘটনাস্থলে এসে জমি পরিমাপ শেষে লাল নিশানা দিয়ে জমি হস্তান্তর কাজ সম্পন্ন করেন। আদালত সূত্রে জানা যায়, ১০ নং রায়পুর ইউপির কাজীর চর মৌজার ৩৫৬ শতক জমি নিয়ে মৃত আবিদ, তছলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
১৯৮৩ সালে আবিদ ও হানিফ গং লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফ গংদেরকে জমির বৈধ মালিক ঘোষণা করে রায় প্রদান করেন। পরে প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়।
এরপর লক্ষ্মীপুর আদালতের নির্দেশে প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি প্রকৃত মালিকদের দখলে বুঝিয়ে দেয়। এই জমি হস্তান্তরের সময় জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আবদুর রহিম ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন, দীর্ঘ ৪৩ বছর আইনি লড়াইয়ের পর আদালতের সহায়তায় আমরা পৈতৃক জমি ফিরে পেয়েছি। এই জমির জন্য আমার দাদা আইয়ুব আলি ও জেঠা লনি মিয়াকে হত্যা এবং একসঙ্গে কয়েকটি গবাদি পশুকেও হত্যা করা হয়। ন্যায়বিচার পেয়ে আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হয়।