শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ
সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক গড়ে তুলতে গতি নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিপিএম।
তিনি বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিতে বৈশ্বিকভাবে স্বীকৃত তিনটি ‘ই’—ইঞ্জিনিয়ারিং, এডুকেশন এবং এনফোর্সমেন্ট—এর মধ্যে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও এটি পুরো সমাধানের একাংশমাত্র। সড়কে মৃত্যুহার শূন্যে নামাতে চাইলে রোড ইঞ্জিনিয়ারিং উন্নয়ন এবং সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে হবে।”
সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘রোড ক্র্যাশের অন্যতম ঝুঁকি গতি’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের সক্ষমতা বাড়াতে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (BIGRS) প্রোগ্রামের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (GRSP)।১২ ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত এই প্রশিক্ষণে দুই ব্যাচে মোট ৭৩ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেসার উদ্দিন আহমদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
প্রশিক্ষণ পরিচালনা করেন জিআরএসপি’র সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা মাইকেল ফিল্যান্ড ও পল সিমকক্স। তাঁরা রোড ক্র্যাশ প্রতিরোধে আইন প্রয়োগের ভূমিকা, অতিরিক্ত গতির ঝুঁকি, গতি নিয়ন্ত্রণের আধুনিক প্রযুক্তি ও কৌশল, এবং চেকপয়েন্ট ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
দেশে সড়ক দুর্ঘটনা হ্রাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যানবাহনের ধরন অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করেছে।সিটি কর্পোরেশন এলাকায় যানবাহনের সর্বোচ্চ গতি ৪০ কিমি/ঘণ্টা এবং মোটরসাইকেলের জন্য ৩০ কিমি/ঘণ্টা নির্ধারিত রয়েছে।
দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) নিষ্কৃতি চাকমা। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন এবং অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর লাবিব তাজওয়ান উৎসব, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন এবং কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান।
প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত জিআরএসপি সড়ক নিরাপত্তা বিষয়ে সিএমপি’র প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে, যা চট্টগ্রাম নগরীর সড়ক ব্যবস্থাপনা ও নিরাপত্তা উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।