
জোনায়েদ হোসেন জুয়েল,
ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়ার নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় প্রায় এক হাজার মোটরসাইকেল। শোভাযাত্রাটি বাজিতপুর থানার মোড়, রেজুমার্কেট, বড় সড়ক, সিএন্ডবি রোডের বাঁশ মহল, মথুরাপুর বটতলা, রাবারকান্দি বটতলা, ঐতিহাসিক ডাকবাংলা, সিনেমাহল মোড়, উপজেলা পরিষদ, ভাগলপুর ও সরারচরসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার প্রতিটি পয়েন্টে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। পথসভা ও জনসংযোগের সময় এহসান কুফিয়া তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে তিনি নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় এহেসান কুফিয়া বলেন,
বিএনপি জনগণের দল, সব সময় জনগণের পাশে থেকেছে। বাজিতপুর ও নিকলীর জনগণ পরিবর্তন চায়—আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় অর্জিত হবে।
স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পুরো শোভাযাত্রা এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। বর্ণাঢ্য এই শোভাযাত্রা ও জনসংযোগ কর্মসূচি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।