মোঃ জোনায়েদ হোসেন জুয়েল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে সুরঞ্জিত দাস (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত দাস ওই গ্রামের পরশ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা ও ছেলে মিলে বাড়ির পাশের নদীতে জাল ফেলে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর আকাশ মেঘে ঢেকে গেলে দু’জনেই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সুরঞ্জিত। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার বলেন, “সুরঞ্জিত ছিল ভীষণ ভদ্র ও শান্ত স্বভাবের তরুণ। তার আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।”
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল বলেন, বজ্রাঘাতে নিহত অবস্থাতেই সুরঞ্জিতকে হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, বজ্রাঘাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।