
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে চিকিৎসক ডাঃ এ এস এম শামছুল আরেফিন এর ওপর গভীর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি রামগঞ্জ হোলি হোপ ও ল্যাবএইড হাসপাতালে পিজিটি (এনেস্থেসিয়া) চিকিৎসক হিসেবে কর্মরত।ঘটনার রাতে রায়পুর মা-মনি স্পেশালাইজড হসপিটালে একটি জরুরী সিজারিয়ান অপারেশন শেষে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুখোশধারী সন্ত্রাসীরা তার গতি রোধ করে।পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার সাথে থাকা নগদ ৭ হাজার টাকা,একটি আই ফোন,মোটর সাইকেল,মানিব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রথমে রায়পুর থানা পুলিশ মামলা না নিলেও এক সপ্তাহ পর মামলা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর রাত আনুমানিক ৩টার দিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের রায়পুর – পানপাড়া – রামগঞ্জ সড়কের আমিন উল্যা মেস্ত্রী বাড়ির সামনে দাস বাড়ির ব্রীজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ডাক্তার শামছুল আরেফিন জানান,তিনি তাৎক্ষনিক রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও সার্কেল এ এসপি (রায়পুর) জামিলুর রহমানকে অবহিত করেন।তারপরও এখনো হামলাকারীদের শনাক্ত করা বা লুট হওয়া মালামাল উদ্ধারে কোনো অগ্রগতি হয়নি।এ ঘটনায় থানা পুলিশ মামলা নিতে দেরি করছেন বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন।মামলা নিতে দেরি হওয়ায় চিকিৎসক সমাজসহ সাধারন মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।তারা অবিলম্বে নিয়মিত মামলা গ্রহন করে হামলাকারীদের গ্রেফতার ও ডাক্তারের লুট হওয়া মালামাল উদ্ধারের দাবী জানান।ভুক্তভোগী ডাঃ শামছুল আরেফিন বিষয়টি রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর-রামগঞ্জ সার্কেল এ এস পি মোহাম্মদ জামিলুর রহমান এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাহারুল আলম-কে অবহিত করেছেন বলেও জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, ভুক্তভোগী ডা: এ এস এম শামছুল আরেফিন প্রথমে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তিনি নিয়মিত মামলা করেননি। এখন তিনি মামলা করতে সম্মত হয়েছেন।আমরা মামলা গ্রহন করবো।ভুক্তভোগী যে কোন লোক সুনির্দিষ্ট অভিযোগে মামলা করলে থানা অবশ্যই মামলা নিবে।তা ছাড়া ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।