
সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিরোধীয় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। ১ নং ভোমরাদহ ইউনিয়নের , সরদারপাড়া গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন স্থানীয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈতৃক জমি নিয়ে চলমান মামলার প্রেক্ষিতে আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি থাকলেও প্রতিপক্ষরা আইন অমান্য করে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ এসে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে চলে যাওয়া মাত্রই আবার তারা ঘর তৈরির কাজ শুরু করেছে।
অভিযোগপত্রে বাদী দাবি করেন, প্রতিপক্ষগণ পরিকল্পিতভাবে অনধিকার প্রবেশ করে (বাংলাদেশ দণ্ডবিধি, ধারা ৪৪৭) উক্ত জমিতে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয়। বাদীর বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা বেআইনি সমাবেশে (দণ্ডবিধি ধারা ১৪১, ১৪৩ ও ১৪৫) লিপ্ত হয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি (ধারা ৫০৬) প্রদান করেছে এবং সরকারি আদেশ অমান্য (ধারা ১৮৮) করেছে।
এ বিষয়ে মো. আবুল হোসেন প্রশাসনের নিকট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, যা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে এ জমি সংক্রান্ত বিরোধ চলমান এবং প্রতিবারই প্রতিপক্ষরা শক্তি প্রয়োগের মাধ্যমে জমি দখলের চেষ্টা করছে। এতে বাদী পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বেও এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ করা হলেও কার্যকর সমাধান হয়নি। গ্রামবাসীর মতে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে বড় ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।