
জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহত। এঘটনায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।
এলাকাবাসী, ত্রিশাল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে উপজেলার বীররামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী সাইফা আক্তার (৮) রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা সিএনজি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপালে প্রেরণ করে। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে স্পিড ব্রেকারের দাবিতে ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ করে রাখে।
পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ, রামপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুল ইসলাম সরকার ঘটনাস্থলে এসে অবরোধকারীদের উদ্দেশ্যে বলেন, উক্ত স্থানে স্পিড ব্রেকার নির্মাণ, আহত শিক্ষার্থীর চিকিৎসা এবং দোষি সিএনজি চালক কে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ তুলে নেন।
সাইফা আক্তার বীররামপুর উজানপাড়া কামরুল ইসলামের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপ্রা সরকার জানান, উক্তস্থানে গত এক বছরে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, স্পিড ব্রেকার নির্মাণ, আহত শিক্ষার্থীর চিকিৎসা এবং দোষি সিএনজি চালক কে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ তুলে নেন।