মো:কোরবান আলী রিপন,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যেই মাঠে নেমে গণসংযোগ শুরু করেছেন উল্লাপাড়া উপজেলার ত্যাগী নেতা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নির্বাচন প্রস্তুতি পরিচালনা সম্মেলন কমিটির অন্যতম সদস্য, সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ আজাদ হোসেন আজাদ।
গত কয়েকদিন ধরে তিনি উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে তিনি বিএনপির নীতিমালা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরছেন।
গণসংযোগে আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা দলকে সুসংগঠিত করতে এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে আজাদ হোসেন বলেন, উল্লাপাড়ার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি সবসময় জনগণের পাশে ছিলাম। আগামীতেও আপনাদের সঙ্গে থেকে আপনাদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাই।
সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন মোঃ আজাদ হোসেন আজাদ। তাঁর তৃণমূলভিত্তিক গণসংযোগ কার্যক্রমে উল্লাপাড়ার রাজনীতিতে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই উল্লাপাড়ায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে। বিভিন্ন প্রার্থীর গণসংযোগে কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়তে শুরু করেছে।