
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ
সাভারের আশুলিয়া থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতরা হলেন— রুবেল মিয়া (৪০), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) এবং সাত বছরের শিশু কন্যা জামিলা। স্থানীয়রা প্রথমে ঘরে তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, স্বামী প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করে পরে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘরের ভেতরে স্ত্রী ও সন্তানের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায় এবং রুবেল মিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় ছিল।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান জানান, “কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। আমরা বিষয়টি তদন্ত করছি।”
নিহতদের গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুনট থানার নলডাঙ্গা গ্রামে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।