
মো:আবদুল লতিফ,লক্ষ্মীপুর প্রতিনিধি :
দেশে এখন একটি নতুন সুশাসন ব্যবস্থা প্রয়োজন। একদলীয় ও ব্যক্তি কেন্দ্রীক শাসন ব্যবস্থা আর চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এম পি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। সম্মেলনে রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
এক ব্যক্তির শাসন আর চলবে না উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “একদলীয় এবং কর্তৃত্ববাদী শাসনে দেশে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী পরিস্থিতি তৈরি হয়েছিল। এতে সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন বিপর্যস্ত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই বিএনপি প্রথমে ২৭ দফা এবং পরে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে।”
বিএনপি জনগণের ভরসা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন, আমরা তাদের নেতৃত্বেই এগিয়ে যাচ্ছি।”